নীলফামারীতে ১৫০ খেলোয়াড়ের মাঝে জেলা পরিষদের স্পোর্টস ব্যাগ বিতরণ

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে জেলার দুটি ফুটবল একাডেমির ১৫০ জন খেলোয়াড়ের মাঝে স্পোর্টস ব্যাগ, মানসম্পন্ন পানির পাত্র ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
রবিবার  (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক  মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, “আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। আমরা চাই তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে ভবিষ্যতে দেশের জন্য গৌরব বয়ে আনুক।”
বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ্যাডভোকেট আবু মোঃ সোয়েম বলেন, “জেলা প্রশাসন ও জেলা পরিষদের সক্রিয় উদ্যোগে নীলফামারীতে ক্রীড়াঙ্গনে নতুন জাগরণ ঘটছে। এটি আমাদের সবার জন্য গর্বের বিষয়।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপাঙ্কর রায়। তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির উন্নয়নে জেলা পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।”
আরও উপস্থিত ছিলেন নীলফামারী প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি জনাব আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নূর আলম এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ভুবনমোহন তরফদার। তাঁরা জেলা পরিষদের এ মানবিক ও প্রেরণাদায়ক উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় নীলফামারী ফুটবল একাডেমি ও ওহাব ফুটবল একাডেমির খেলোয়াড়রা উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জেলা প্রশাসন ও পরিষদকে ধন্যবাদ জানান।
এনএএন টিভি / ওমর ফারুক

Share this news as a Photo Card